লোহালিয়া নদীর ওপর নির্মাণাধীন নবম চীন মৈত্রী সেতুর নামকরণ ঘিরে দুই পাড়ের মানুষের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক ও ফেসবুকে পাল্টাপাল্টি প্রচারণা। তবে এই টানাপোড়েনের মধ্যেই সেতু নির্মাণের প্রাথমিক কাজ এগিয়ে চলেছে। দুমকি উপজেলার চরগরবদি এলাকায় এরই মধ্যে ভূমি অধিগ্রহণ, ব্যবসাপ্রতিষ্ঠান অপসারণ এবং বিকল্প সড়ক নির্মাণে বালু ভরাটের কাজ শুরু হয়েছে।
চার লেনের এই সেতুটি মূলত পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলার সীমান্তবর্তী এলাকায় নির্মিত হচ্ছে। সেতুটির নাম ‘বগা সেতু’ রাখা হবে, নাকি এর সঙ্গে চরগরবদির নাম যুক্ত করে ‘চরগরবদি-বগা সেতু’ করা হবে—তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বাকযুদ্ধ।
বাউফলের বাসিন্দারা দীর্ঘদিনের পরিচিতি ও স্থানীয় বাস্তবতা তুলে ধরে সেতুটির নাম ‘বগা সেতু’ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। অপরদিকে দুমকির চরগরবদি এলাকার বাসিন্দাদের দাবি, সেতুটির নাম হতে হবে ‘চরগরবদি-বগা সেতু’। তাঁদের ভাষ্য, এই প্রকল্পের জন্য চরগরবদি এলাকার জমি অধিগ্রহণ করা হচ্ছে এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে হচ্ছে; তাই এলাকার নাম থাকা যৌক্তিক।
নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরতে চরগরবদির বাসিন্দা রাসেদুল হাসান আরিফসহ কয়েকজন ফেসবুক লাইভে এসে স্থানীয়দের মতামত প্রকাশ করেছেন। পাল্টা হিসেবে বগা এলাকার বাসিন্দারাও নিজেদের এলাকার নামে সেতুর নামকরণের পক্ষে প্রচার চালাচ্ছেন। এ নিয়ে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে মতবিরোধ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বগা ফেরিঘাটের প্রায় ৩০০ গজ ভাটিতে সেতুটি নির্মিত হচ্ছে। প্রকল্পের নকশা অনুযায়ী, মূল সেতুর দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩৪৮ থেকে ১ হাজার ৩৫৬ মিটার এবং প্রস্থ প্রায় ১৫ মিটার। চার লেনের পাশাপাশি থাকবে দুটি ফুটপাত। মোট ২৯টি পিলারের মধ্যে চরগরবদি প্রান্তে ১৩টি, বগা প্রান্তে ১২টি এবং নদীর মূল অংশে ৪টি পিলার বসানো হবে। নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে মাঝখানে রাখা হচ্ছে ১২৮ মিটার দীর্ঘ বিশেষ স্প্যান।
দুই প্রান্তে প্রায় ১ দশমিক ২৭২ কিলোমিটার সংযোগ সড়কসহ মূল সেতুর মোট দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ২ দশমিক ৬২ কিলোমিটার। এ ছাড়া বৃহত্তর প্রকল্পের আওতায় আরও প্রায় ২১ দশমিক ২২ কিলোমিটার আঞ্চলিক সংযোগ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার জানান, চরগরবদি এলাকায় ভূমি অধিগ্রহণ, ব্যবসাপ্রতিষ্ঠান সরানো এবং বিকল্প সড়কে বালু ভরাটের কাজ শুরু হয়েছে। সেখানে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়, আবাসিক কোয়ার্টার, ওয়ার্কশপ ও গুদাম নির্মাণ করা হবে।
বাংলাদেশ ও চীন সরকারের চুক্তি অনুযায়ী, মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণের খরচ চীন সরকার অনুদান হিসেবে দেবে। আর ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও আনুষঙ্গিক অবকাঠামোগত প্রস্তুতির ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।
এদিকে গত ১৭ নভেম্বর জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে কথা বলেন। ওই সংসদ সদস্য জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ বিষয়ে তাঁকে আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, সেতুটি চালু হলে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১০ লাখ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে নতুন গতি আসবে।
স্থানীয় সচেতন নাগরিকেরা মনে করেন, নামকরণ বা কৃতিত্ব নিয়ে বিভেদে না জড়িয়ে দ্রুত কাজ শেষ করাই এখন বড় বিষয়। তাঁদের মতে, এটি কোনো একক এলাকার নয়, বরং পুরো দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সেতু।