দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের পশু-পাখি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়াতে হবে। এ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মির্জা ফয়সাল আমিন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ মানুষের কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। খামারিদের আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতিতে পশু-পাখি পালনে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি তাঁদের প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সরকার কাজ করছে। এ ধরনের প্রদর্শনী ও মেলার মাধ্যমে খামারিরা নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং এ খাতের সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন, যা তাঁদের খামার পরিচালনা ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া ১৫টি স্টল পরিদর্শন করেন। সপ্তাহব্যাপী আয়োজিত এ মেলায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রযুক্তি, উদ্ভাবন ও সেবা প্রদর্শন করা হচ্ছে।