টেকসই কৃষি উন্নয়ন, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ৬০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রশিক্ষণে কৃষির সমসাময়িক বিভিন্ন বিষয়, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষক-কৃষাণীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল ইসলাম জানান, প্রশিক্ষণে জেলার ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেছেন। কৃষির আধুনিক প্রযুক্তি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে তাদের দক্ষ করে তোলার পাশাপাশি মাটির স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীরা নিজেদের কৃষিকাজে অর্জিত জ্ঞান প্রয়োগের পাশাপাশি অন্য কৃষকদেরও এসব বিষয়ে সচেতন করবেন। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন কৃষক-কৃষাণীর কাছ থেকে আরও ৬০০ কৃষকের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।