জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পোরশার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গবাদিপশুর বিভিন্ন রোগ প্রতিরোধ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় খামারি ও পশুপালনকারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট।
কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গবাদিপশুকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেওয়া, কৃমিজনিত রোগ প্রতিরোধ করা এবং পশুর স্বাস্থ্য ও উৎপাদনক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে খামারিদের মধ্যে আধুনিক পশুপালন, রোগ প্রতিরোধ ও নিয়মিত চিকিৎসাসেবার বিষয়ে সচেতনতা তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা জানান, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত চিকিৎসাসেবা এবং খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের বিনামূল্যের সেবামূলক কার্যক্রম স্থানীয় খামারি ও পশুপালনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় খামারি ও সচেতন মহল। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের ভ্যাকসিনেশন ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হলে গবাদিপশুর রোগবালাই কমার পাশাপাশি খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন। এতে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর স্লোগান— “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”