রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোদ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ কাজী মো. জিল্লুর মোস্তাফিজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া প্রমুখ।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোদ্র মজুমদার ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান প্রমুখ।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং এ খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গরু, ছাগল ও হাঁস-মুরগির খামারিরা উপস্থিত ছিলেন।