বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ-২০২৬’ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিটি-২। দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে এই আয়োজন।
এবারের আসরে অংশ নেবে দেশের ৪৮টি মিডিয়া হাউস। এবিজি ইউনিভার্সিটি কাপের সফল আয়োজনের পর এবার মিডিয়া কর্মীদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য থাকবে চমকপ্রদ প্রাইজমানির ঘোষণা করা হবে ২৮ নভেম্বর।
টুর্নামেন্টে শুধু চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্যই নয়, প্রতিটি ম্যাচের জয়ী ও পরাজিত দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার। গ্রুপ পর্বের ১২০টি ম্যাচে ম্যাচসেরাসহ মোট ৩৬০টি পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ২৫ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১০ হাজার টাকা।
দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে ম্যাচসেরাসহ মোট ২৪টি পুরস্কার থাকবে। এ পর্বে জয়ী দল পাবে ৩৫ হাজার টাকা এবং পরাজিত দল পাবে ১৫ হাজার টাকা।
এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের জন্যও থাকছে পুরস্কার। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাবেন ২ লাখ টাকা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে ৫০ হাজার টাকা এবং সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
টুর্নামেন্ট নিয়ে সেরা রিপোর্টিং ও কনটেন্ট তৈরির জন্যও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
গ্রুপ পর্বের খেলাগুলো হবে সেভেন-এ-সাইড পদ্ধতিতে ফুটসাল মাঠে। এরপর শুরু হবে নকআউট পর্ব। টুর্নামেন্টের শেষ পর্যায়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।