চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী গ্রামের মো. রুবেল ইসলাম (২৩) ও মোহাম্মদ বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় ৭৯ জন ও অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা (পারচৌকা) এলাকার একটি ভুট্টাখেতে কলাগাছের আড়ালে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. টমাস উদ্দিন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।