জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যবহারের জন্য ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানিতে চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আগামী ছয় মাসের জ্বালানি চাহিদা পূরণে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন করা হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যয়ে আমদানি করা হবে হাই সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি)। সিঙ্গাপুরভিত্তিক ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এ তেল কিনতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা।
একই প্রতিষ্ঠান থেকে দুটি প্যাকেজে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে। প্রথম প্যাকেজে ব্যয় হবে ৯৬০ কোটি ৪১ লাখ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা।
অন্যদিকে, ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন কেনা হবে।
তবে ডিজেল ও জেট এ-১ আমদানির আরও দুটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলেও সেগুলো অনুমোদন পায়নি। প্রস্তাব দুটি আরও পর্যালোচনা করে পরবর্তী সময়ে কমিটির বৈঠকে তোলার সিদ্ধান্ত হয়েছে।
৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির অনুমোদন
জ্বালানি তেলের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ ডলার।
ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এ গম সরবরাহ করবে।
এ ছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) কাছ থেকে জিটুজি চুক্তিতে ৪০ হাজার টন এমওপি সার আমদানির সিদ্ধান্ত হয়েছে।
পাশাপাশি স্থানীয় বাজার থেকে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ নির্ধারণ
বৈঠকে পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) অনুযায়ী শুল্ক কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের লেভেলাইজড ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭ দশমিক ৯৮৫৮ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় ৬ টাকা ৭৮ পয়সা। এর মধ্যে ক্যাপাসিটি চার্জ ৩ দশমিক ১০৭৮ সেন্ট এবং জ্বালানি খরচ ৪ দশমিক ৮৭৮০ সেন্ট।
অন্যদিকে, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির রামপাল ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফও অনুমোদন করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রটির আইওডি থেকে সিওডি পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২৮২৮ সেন্ট বা ৯ টাকা ১১ পয়সা। সিওডির পর এ হার হবে ৮ দশমিক ১৬৪৮ সেন্ট বা ৮ টাকা ৯৮ পয়সা।
রেলপথ ডুয়েলগেজে রূপান্তরে ব্যয় ৪ হাজার ৬২৯ কোটি টাকা
চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের দুটি প্যাকেজের কাজেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৪ হাজার ৬২৯ কোটি টাকা।
প্রকল্পের চট্টগ্রাম থেকে গুমদণ্ডী পর্যন্ত রেলপথ ডুয়েলগেজে রূপান্তর এবং পাহাড়তলী-ঝাউতলা ডুয়েলগেজ লাইন নির্মাণের কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এ প্যাকেজের চুক্তিমূল্য ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ টাকা।
অন্যদিকে, গুমদণ্ডী থেকে দোহাজারী পর্যন্ত অংশের কাজ পেয়েছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। এ কাজের চুক্তিমূল্য ১ হাজার ৯১১ কোটি ৪৮ লাখ টাকা।
টিকা ও কম্বল কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন
এর আগে একই দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এর একটি হলো, ২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় মাঠপর্যায়ে নিরবচ্ছিন্ন টিকা সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন কেনা।
অন্য প্রস্তাবটি মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় বাংলাদেশ তাত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কম্বল কেনা-সংক্রান্ত।