বন্ধুদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়েছিলেন আশিক। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের অভিযোগ, স্থানীয় রাসেল ও রোহিঙ্গা আরাফাতসহ কয়েকজন তাঁকে ডেকে নিয়ে অপহরণ করেছে।
উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইনখালী গ্রামের আশিককে মঙ্গলবার সকাল ৯ টার দিকে ডেকে নেওয়া হয় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী রাফিয়া। পরে দুপুর ৩টার দিকে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জানানো হয়, আশিককে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে ফেরত পেতে হলে দিতে হবে ১০ লাখ টাকা মুক্তিপণ। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্বামীকে ফিরে পেতে এখন দিশেহারা রাফিয়া।