পঞ্চগড় | ২৫ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুই শ্রমিক সংগঠনের বিরোধে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে আমদানি করা এলসি পাথর লোডিং কার্যক্রম। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে বন্দরে আটকে থাকা পাথরবাহী ট্রাক চলাচল শুরু হয়। পাশাপাশি পাথর লোড-আনলোড কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।
স্থানীয় বিএনপি নেতাকর্মী, বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের উদ্যোগে দীর্ঘ আলোচনার পর বিরোধের সাময়িক সমাধান হওয়ায় বন্দরের স্থবিরতা কাটতে শুরু করেছে।
এর আগে বুধবার সকাল থেকে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করেন তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। তাঁরা দ্রুত দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি করে শ্রমিকদের কাজের পরিবেশ স্বাভাবিক করার দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে দীর্ঘদিন ধরে স্থলবন্দর শ্রমিক সংগঠনের সদস্যরা পণ্য লোড-আনলোডের কাজ করে আসছেন। সম্প্রতি পাথর লোডিংয়ের পদ্ধতি ও কাজের নিয়ন্ত্রণ নিয়ে ওই সংগঠনের সঙ্গে তিরনই অফিস লেবার শ্রমিক সংগঠনের বিরোধ দেখা দেয়। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান ও বাধার কারণে একপর্যায়ে এলসির মাধ্যমে আমদানি করা পাথর লোডিং বন্ধ হয়ে যায়। এতে বন্দরে আটকা পড়ে বেশ কয়েকটি পাথরবাহী ট্রাক।
বুধবার দুপুরে এ বিরোধের সমাধানে আলোচনায় বসেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক ও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক রেজাউল করিম শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল ও সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী সোহেল রানা মানিক প্রধানসহ দুই শ্রমিক সংগঠনের নেতারা। দীর্ঘ আলোচনার পর সমঝোতার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরে বিকেল ৩টা থেকে আটকে থাকা ট্রাক চলাচল ও পাথর লোডিং শুরু হয়।
বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের সংগঠনের শ্রমিকেরা বন্দরে লোড-আনলোডের কাজ করে আসছেন। কিন্তু কয়েক দিন ধরে তিরনই লেবার অফিসের লোকজন পাথরবাহী গাড়ি আটকে দিচ্ছেন। এতে লোডিং বন্ধ হয়ে শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েন এবং অনেক গাড়ি আটকে থাকে। বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁরা কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, একটি পক্ষ বন্দরের কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিভেদ সৃষ্টি করছে।
অন্যদিকে, বাংলাবান্ধা ইউনিয়নের তিরনই অফিস লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন বলেন, মূলত কাজের ধরন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে লোড-আনলোডের কাজ করে আসছেন। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী পেলোডার গাড়ি দিয়ে পাথর লোড করার কার্যক্রম শুরু হলে অন্য পক্ষের শ্রমিকেরা বাধা দেন। তাঁদের দাবি, কুলি শ্রমিকদের কাজ এবং পাথর লোডিংয়ের কাজ আলাদা। এ বিরোধের কারণে তাঁদের সংগঠনের অনেক সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বুধবার স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আপাতত আগের নিয়মেই কার্যক্রম চলবে বলে জানান তিনি।
পাথর আমদানিকারক আব্দুল আল মামুন জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে এলসির মাধ্যমে পাথর আমদানি করা হয়। বন্দরের অন্যান্য কার্যক্রম চালু থাকলেও শ্রমিক সংগঠনগুলোর বিরোধের কারণে গত পাঁচ দিন ক্রাশিং করা পাথর লোড করা সম্ভব হয়নি। ফলে আমদানি করা পাথর আটকে থাকায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বুধবার বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু বলেন, দুই শ্রমিক সংগঠনের বিরোধের কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আপাতত সমস্যার সমাধান করা হয়েছে। আটকে থাকা ট্রাক চলাচল শুরু হয়েছে। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিরোধের স্থায়ী সমাধানেও দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
পাঁচ দিনের অচলাবস্থা কাটিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর লোডিং কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দুই শ্রমিক সংগঠনের বিরোধের স্থায়ী সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।