নওগাঁর মান্দা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের তালিকাভুক্ত এসব কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আবাদে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বক্স মণ্ডল, উপজেলা মহিলা দলের সহসভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম ও রুমেলা খাতুন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী কৃষককে বিনামূল্যে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। সরকারের এ উদ্যোগের ফলে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি সরিষা চাষ সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।