উখিয়ায় বসতঘরে অভিযান, তোষকের নিচে মিলল ৮ হাজার ইয়াবা; নারী আটক
১৪ এপিবিএনের অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘরে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় ইয়াবা সংরক্ষণের অভিযোগে মিনারা বেগম (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।
সূত্র জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএনের এসআই (নিঃ) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উখিয়ার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকায় জানে আলমের বসতঘরে অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় নারী পুলিশ সদস্যদের সহায়তায় জানে আলমের স্ত্রী মিনারা বেগমকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক নারীর শয়নকক্ষে খাটের ওপর রাখা তোষকের নিচে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়।
আটক মিনারা বেগম নিজ হাতে প্যাকেটটি বের করে দিলে এর ভেতরে নীল রঙের ৪০টি জিপারযুক্ত ব্যাগে রাখা ইয়াবা পাওয়া যায়। গণনা করে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, আটক আসামি ও উদ্ধার করা ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।