বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাতনামা যুবক বিএনপির কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। গতকাল রাতে নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।