বিএনপির দলীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাম্প্রতিক কয়েকটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তাঁর দেওয়া তিনটি বক্তব্যের ব্যাখ্যা চেয়ে বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই চিঠিতে বক্তব্যগুলোর বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা তিনটি বক্তব্যের মধ্যে রয়েছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত পুলিশ সদস্য নিহত হওয়া, অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্যকে হত্যা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আটকে রাখা সম্ভব নয় এমন মন্তব্য।
সম্প্রতি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্রে’ প্রকাশিত ‘অন্যরা সন্ত্রাস করলেও তাদের কেন ধরা হচ্ছে না?’ শীর্ষক টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান চলাকালে পুলিশ সদস্যদের হত্যা এবং অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি করেন।
ভিডিওর ৫ মিনিট ১৭ সেকেন্ড থেকে তাঁকে বলতে শোনা যায়, “আমি বলেছিলাম পুলিশের পক্ষ হয়ে এই যে শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতীর মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন, হাজার হাজার পুলিশ কোথায় গেল জানি না তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন পুলিশের মায়ের চোখের পানির কি কোনো মূল্য নাই? তারা তো অর্ডারের চাকর।”
তিনি আরও বলেন, “থানা পুড়াইয়া দেন পুলিশ মাইরা ফেলেন। আজকে তারই প্রতিফলন আমরা দেখছি টুঙ্গিপাড়ায় চলছে মুকসেদপুরে চলছে। তাহলে শিক্ষাটা কে দিছিল? থানা পুড়াইয়া পুলিশ পুড়াইয়া। তারা (আওয়ামী লীগ) তো পুলিশ অন্তত মারে নাই। আপনারা তো পুলিশ পর্যন্ত পুড়িয়ে দিছেন, মাইরা ফেলছেন, ঝুলাইয়া রাখছেন।”
পুলিশ নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক
পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন। ২০২৪ সালের ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তর নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ করে। পরবর্তী সময়ে ২৫ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একই তালিকা প্রকাশ করা হয়।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানে শত শত পুলিশ সদস্য নিহত হওয়ার দাবিকে একাধিক ফ্যাক্টচেকিং সংস্থা অসত্য হিসেবে চিহ্নিত করেছে। রিউমর স্ক্যানার, ফ্যাক্টওয়াচ, দ্য ডিসেন্টসহ বিভিন্ন সংস্থার অনুসন্ধানেও এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য নিহত হওয়ার দাবি
২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য ছিলেন এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে রিউমর স্ক্যানারের ১১ আগস্ট প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়, নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে কোনো নারী ছিলেন না। এ ঘটনায় পৃথিবী চাকমা নামের এক নারী পুলিশ সদস্যের ছবি ব্যবহার করে তাঁকে নিহত অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য হিসেবে প্রচার করা হয়েছিল। কিন্তু তিনি জীবিত ছিলেন এবং পরবর্তী সময়ে ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ২০২৫ সালের ৩১ জুলাই বিবিসি বাংলার একটি ভিডিও প্রতিবেদনেও এনায়েতপুর থানায় হামলার সময় আহত হয়ে বেঁচে যাওয়া এক নারী পুলিশ কনস্টেবলের বক্তব্য তুলে ধরা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, হামলাকারীদের হাত থেকে তাঁকে রক্ষা করতে এক পুলিশ সহকর্মী তাঁকে অন্তঃসত্ত্বা বলে পরিচয় দিয়েছিলেন। সেখান থেকেই এ ধরনের গুজব ছড়িয়ে থাকতে পারে।
বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ প্রসঙ্গে মন্তব্য
বিএনপির চিঠিতে ফজলুর রহমানের আরও দুটি বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আটকে রাখা যাবে না এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে প্রতিবাদ অব্যাহত রাখার বিষয়ে তাঁর মন্তব্য রয়েছে।
তিনি বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আটকে রাখা যাবে না, আমি বঙ্গবন্ধুর সৈনিক বেঁচে থাকতে প্রতিবাদ করেই যাবো, লোহার রড দিয়েও আটকানো যাবে না, বঙ্গবন্ধুর সৈনিকরা বঙ্গপালের মতো ছুটে আসবে।”
দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মহল
তিনটি বক্তব্যের বিষয়ে বিএনপির হাইকমান্ড তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে বলে জানা গেছে। তাঁর দেওয়া ব্যাখ্যায় দলীয় নেতৃত্ব সন্তুষ্ট না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
তবে তাঁকে দল থেকে বহিষ্কার, সংসদ সদস্য পদ হারানো কিংবা রাষ্ট্রদ্রোহিতার মামলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। এসব বিষয়কে সম্ভাব্য পরিণতি হিসেবে প্রচার না করে দলীয় সিদ্ধান্ত ও আইনগত প্রক্রিয়ার ওপরই গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ফজলুর রহমানের বক্তব্যের বিষয়ে তাঁর আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং বিএনপির পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন রাজনৈতিক মহলের দৃষ্টি রয়েছে।