কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ করাতকল পরিচালনা ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় করাতকলের দুটি মেশিন ও প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কালিরছড়া বাজার ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া করাতকল পরিচালনার দায়ে মো. শাহ আলমকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। করাতকলের দুটি মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারের জিম্মায় দেয়া হয়।
এ ছাড়া কালিরছড়া ভুতিয়ার পাড়া কানচিরা ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাইয়ুম উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা প্রায় দুই লাখ ঘনফুট বালু। যা ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।
অভিযানকালে কালিরছড়া বাজার এলাকায় সন্দেহজনকভাবে আটক ২৫টি মহিষের মালিকেরা বৈধ কাগজপত্র উপস্থাপন করলে যাচাই শেষে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে ঈদগাঁও থানা-পুলিশ, আনসার সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামপুলিশ সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।