নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনৈক মামুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোহেল রানার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আল আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কাজ করছে পুলিশ।