দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে অবস্থান নেয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। এ সময় তিনি দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সাধারণ নাগরিকের মতো স্বাভাবিক জীবনযাপন করুন। কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণ তা মেনে নেবে না।”
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরাতুন নাহার প্যারিস প্রমুখ। এছাড়া জেলা বিএনপি , জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের স্থিতিশীলতা রক্ষা ও যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।