আধুনিক নগর ব্যবস্থাপনা, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে স্থাপন করা হয়েছে ১৫টি উন্নতমানের সিসিটিভি (CCTV) ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হবে। এতে অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্তকরণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নওগাঁ শহরে কয়েক মাস আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল নজরদারি ব্যবস্থা স্থাপনের উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে মহাদেবপুরেও এ নিরাপত্তাব্যবস্থা চালু করা হয়েছে।
মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের উদ্যোগে, উপজেলা পরিষদের অর্থায়নে এবং মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সিসিটিভি ক্যামেরাগুলোর মনিটরিং ব্যবস্থা ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে মহাদেবপুর থানায়। সেখান থেকেই ক্যামেরার মাধ্যমে বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের আশা, আধুনিক এ প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ফলে মহাদেবপুর উপজেলা সদরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়ক হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ দমন ও দ্রুত ব্যবস্থা গ্রহণের সক্ষমতা বাড়বে।
স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে মহাদেবপুর উপজেলা সদরে নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।