বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পাঠান মির্জাপুর চৌমাথা বাজারে অবস্থিত আল-মানার একাডেমী মাদ্রাসার দুই যুগ (২৪ বছর) পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
প্রতিষ্ঠানের দুই যুগ পূর্তির এ বিশেষ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা পুরোনো দিনের স্মৃতিচারণ, কুশল ও শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। আনন্দ-উদ্দীপনা ও প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আল-মানার একাডেমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল মজিদ। এছাড়াও নন্দীগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।