নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে আটটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় মান্দা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫)। তিনি মান্দা উপজেলার শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইফ উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে আটটি সিআর মামলায় সাজা পরোয়ানা ছিল। এসব মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় অপরাধী গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মান্দা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।