নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গানইর গ্রামের রাস্তাঘাট বৃষ্টির পানিতে কাদায় একাকার হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষকে। এতে অনেকটা স্থবির হয়ে পড়েছে গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি জমে গ্রামের রাস্তাগুলোতে কাদার সৃষ্টি হয়েছে। ফলে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজকর্ম ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
স্থানীয়দের দাবি, একটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম হলো চলাচলের রাস্তা। অথচ গানইর গ্রামের রাস্তাঘাটের এমন বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি সংস্কার ও স্থায়ীভাবে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।