নওগাঁর সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের মাঝে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে সংগঠনের সার্বক্ষণিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিরন্টি ইউনিয়ন জাতীয় আদিবাসী নারী পরিষদের পাঁচজন নেত্রীর হাতে একটি করে মোবাইল ফোন তুলে দেওয়া হয়।
মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আবু হাসনাত রেজা, উপজেলা জাতীয় আদিবাসী নারী পরিষদের সভাপতি সুমিত্রা রাজপুর এবং সহ-সভাপতি রুমি পাহানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বপন কুজুর বলেন, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সাপাহার উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির নারী নেত্রীদের মাঝে মোবাইল ফোন বিতরণ করা হবে।
তিনি আরও জানান, এ কর্মসূচির প্রথম ধাপে শিরন্টি ইউনিয়নের পাঁচজন নারী নেত্রীর মাঝে মোবাইল ফোন বিতরণের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
স্থানীয় পর্যায়ে সংগঠনের সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং নারী নেত্রীদের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।