গোপালগঞ্জে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় প্রাণ হারানো এলাহী শিকদারের কবর জিয়ারত করেছেন ছাত্রলীগের নেতা আশিক। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি এলাহীর কবর জিয়ারত করেন। পরে তাঁর মায়ের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের খোঁজখবর নেন।
এ সময় ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের পক্ষ থেকে এলাহীর পরিবারের পাশে থাকার এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন আশিক।
সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এলাহীর মা। তাঁর কান্নায় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তান হারানোর গভীর শোক বুকে নিয়েও উপস্থিত ব্যক্তিদের প্রতি আন্তরিকতা দেখাতে ভোলেননি তিনি। সবাইকে রাতে খাবার খেয়ে যাওয়ার অনুরোধ জানান।
একজন সন্তানহারা মায়ের এমন ভালোবাসা ও আবেগ উপস্থিত ব্যক্তিদেরও স্পর্শ করে। সন্তানের স্মৃতি ও না-পাওয়ার বেদনা যেন তাঁর প্রতিটি কথায় ফুটে ওঠে।
এলাহী শিকদারের মৃত্যুসহ ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঘটে যাওয়া প্রতিটি মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
রাজনীতির বিভেদ ও মতপার্থক্যের ঊর্ধ্বে মানবিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্বও এ সাক্ষাতে উঠে আসে। এলাহী আজ নেই, কিন্তু তাঁর মায়ের চোখের জল মনে করিয়ে দেয়—একটি পরিবারের কাছে সন্তানের মৃত্যু কতটা গভীর ক্ষত তৈরি করে।
এলাহীর মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হোক, প্রতিটি মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হোক এবং ন্যায়বিচার নিশ্চিত হোক—এটাই প্রত্যাশা।