রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান টুকু।
শুক্রবার (২০ নভেম্বর) নগরের মহিষবাথান কবরস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান টুকু জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার একটি পা স্বাভাবিক নয়। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বসবাসের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নুরুজ্জামান টুকুর পরিবারও রাজশাহীর স্থানীয় রাজনীতিতে পরিচিত। পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে রয়েছেন পবা-মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ তিনি এখন জেলখানাতে আছেন। টুকুর ভাই মো. কামরুজ্জামান রাজশাহী মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক, শফিকুজ্জামান শফিক রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রফিকুজ্জামান রফিক রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের আরেক সদস্য নেসকোতে কর্মরত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, নুরুজ্জামান টুকুকে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। মামলাটি ১৫ নভেম্বর দায়ের করা হয় মামলা নম্বর ১৯ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহীতেও রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার রয়েছে।