হলুদ রঙের পটভূমিতে লাল শাড়ি পরা বউ, পাশে নীল পোশাকের বর। আরেক ছবিতে দুটি গরুর টানা গাড়ি, সঙ্গে শ্রমজীবী মানুষ। তৃতীয় ছবিতে চুলার আগুন, রান্নার হাঁড়ি আর চোখ-মুখ আঁকা দেশলাইয়ের বাক্স। দেশলাইয়ের বাক্সের আদলে এমন তিনটি ছবি এঁকেছিল ছোট্ট নওশীন যাবীন হুদা রামিসা।
ছবিগুলোর নামও দিয়েছিল সে। একটি ‘বউ জামাই’, আরেকটি ‘মজদুর’, শেষেরটি ‘ম্যাচের জীবন’। তিনটি ছবির নিচেই নিজের কল্পিত ম্যাচ কারখানার নামও লিখেছিল রামিসা। একটিতে ‘নওশীন ম্যাচ ইন্ডাস্ট্রিজ লিঃ’, আরেকটিতে ‘আমিন ইন্ড্রাস্টিজ, ঢাকা’, অন্যটিতে ‘নওশীন ম্যাচ ফ্যাক্টরি লিঃ’। সঙ্গে লেখা ‘বাংলাদেশে তৈরি’।
তিনটি ছবিই এখন শোভা পাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি গ্যালারির দেয়ালে। কিন্তু যে মেয়েটি ছবিগুলো এঁকেছিল, সে আর বেঁচে নেই।
আজ শুক্রবার গ্যালারিতে ঢুকেই মেয়ের আঁকা ছবিগুলো চোখে পড়ে নাজমুল হুদার। মুঠোফোন বের করে একে একে ছবি তুলতে থাকেন তিনি। চোখ তখন ছলছল করছিল। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।
নাজমুল হুদার বড় মেয়ে রামিসা ২০২০ সালের ২ ডিসেম্বর মাত্র ১২ বছর বয়সে মারা যায়। তখন সে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। মেয়েকে হারানোর প্রায় ছয় বছর পর তার আঁকা ছবি প্রদর্শনীতে দেখে আবেগ ধরে রাখতে পারেননি বাবা।
আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার গ্যালারি ২-এ আয়োজন করা হয় ‘দিয়াশলাইয়ে বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) ও মনসিজ আর্ট একাডেমি যৌথভাবে এর আয়োজন করে। প্রদর্শনীতে রামিসাসহ ২৯ জন শিশুশিল্পীর আঁকা ৪৩টি চিত্রকর্ম স্থান পায়।
সেখানেই মেয়ের আঁকা ছবি দেখতে এসেছিলেন বাবা নাজমুল হুদা।
মেয়ের ছবিগুলো মুঠোফোনে ধারণ করতে করতে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন তিনি। কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়েটা যদি আজ থাকত, তাহলে গর্বে আমার বুকটা ভরে যেত। আমার মা টা তো নেই, কী যে বলব আমি। হয়তো এতটুকুই হায়াত নিয়ে এসেছে ও। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
‘একটু সময় পেলাম না’
রাজধানীর তেজকুনিপাড়ায় পরিবার নিয়ে থাকেন নাজমুল হুদা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিভাগের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি।
২০০৮ সালের ১৯ অক্টোবর জন্ম রামিসার। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার ঝোঁক ছিল। আঁকাআঁকির জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছিল। পড়াশোনায় মেধাতালিকায় স্থান পাওয়ার পাশাপাশি স্কাউট কার্যক্রমেও পুরস্কার পেয়েছিল সে।
বাবা নাজমুল হুদা জানান, ছোটবেলা থেকেই রামিসার অ্যাজমা (হাঁপানি) ছিল। নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হতো। ২০২০ সালের নভেম্বরে দেশে তখন করোনাভাইরাসের মহামারি চলছে। ওই মাসের শেষ সপ্তাহে রামিসার শ্বাসকষ্ট বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও তখন তাঁরা তেমন গুরুতর কিছু জানাননি।
তবে ২ ডিসেম্বর হঠাৎ রামিসার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
নাজমুল হুদার ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা জানান, রামিসার শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে গুরুতর ক্ষতি হয়েছে। লিভার ও কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। তার পালসও (হৃৎস্পন্দন) পাওয়া যাচ্ছিল না।
এরপর মেয়েকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে থাকেন বাবা-মা। কিন্তু কোথাও ভর্তি করাতে পারছিলেন না। শেষ পর্যন্ত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো সম্ভব হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকেরা রামিসাকে মৃত ঘোষণা করেন।
সেই সময়ের কথা মনে করে নাজমুল হুদা বলেন, ‘একটু সময় পেলাম না। কিছুই বুঝে ওঠার আগেই আমার মা টা চলে গেল। অসুস্থতায় ওর যে একটু যত্ন নেব, সে সময়টা দিয়ে গেল না।’
‘আমার লক্ষ্মী মা টা ফাঁকি দিয়ে চলে গেল’
প্রদর্শনীতে এসেছিলেন রামিসার মা রুহিনা তাসমিনও। সঙ্গে তাঁর ছোট দুই মেয়ে। দ্বিতীয় মেয়ে নাহিয়ান যাবীন হুদা এখন সপ্তম শ্রেণিতে পড়ে। আর সবার ছোট নুসাইবার বয়স দুই বছর।
মেয়ের কথা বলতে গিয়ে রুহিনা তাসমিন বলেন, ‘ছোট থেকে তো ওর অ্যাজমা। অনেক কষ্ট হলেও সে বলত না। সহ্য ক্ষমতা তৈরি হয়েছিল। আমার মেয়েটা এত মেধাবী ছিল, এটা ছাড়াও ওর হাতের অনেক পেইন্টিং আছে। আমার লক্ষ্মী মা টা ফাঁকি দিয়ে চলে গেল।’
রামিসা ছোটবেলা থেকেই তেজকুনিপাড়ার মনসিজ আর্ট একাডেমিতে ছবি আঁকা শিখত। প্রতিষ্ঠানটির পরিচালক সাদিয়া শারমিনের কাছেও সে ছিল প্রিয় শিক্ষার্থী।
রামিসাকে স্মরণ করে সাদিয়া শারমিন বলেন, ‘ওর শেখার অনেক আগ্রহ ছিল, একটা কিছু দেখিয়ে দিলেই বুঝে যেত। এগুলোর বাইরে দারুণ দারুণ ছবি ও এঁকেছিল।’
দেশলাইয়ের বাক্সে শিশুদের কল্পনার বাংলাদেশ
শুক্রবারের প্রদর্শনীতে দেশের বিভিন্ন সময়ের ও প্রতিষ্ঠানের দেশলাইয়ের বাক্সের নকশা, রং ও চিত্রকর্ম তুলে ধরা হয়।
প্রদর্শনীতে থাকা ছবিগুলোর মধ্যে বিভিন্ন সময়ের দেশলাইয়ের বাক্সের লেবেলের নকশার প্রতিরূপ যেমন ছিল, তেমনি ছিল বাংলাদেশকে ঘিরে শিশুদের নিজস্ব ভাবনা ও কল্পনার প্রকাশ।
আয়োজক সাদিয়া শারমিন জানান, প্রদর্শনীতে অংশ নেওয়া বেশির ভাগ শিল্পীই শিশু। তারা ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দেশলাইয়ের বাক্সের নকশা দেখে ছবি এঁকেছে। আবার অনেকে নিজেদের ভাবনা ও কল্পনা থেকেও ছবি এঁকেছে। এসব ছবিতে উঠে এসেছে নকশিকাঁথা, জামদানি, ফুল, ফল ও পাখি।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে দিনব্যাপী এই আয়োজন। প্রদর্শনীটি হয়ে ওঠে দেশলাইয়ের বাক্স সংগ্রাহকদের মিলনমেলা। সেখানে অনেকে নিজেদের সংগ্রহের বাক্স বিনিময় করেছেন। হয়েছে কেনাবেচাও। পাশাপাশি দেশি-বিদেশি পুরোনো নোট, মুদ্রা ও বিভিন্ন ধরনের প্রাচীন (অ্যান্টিক) সামগ্রী বিক্রি হয়েছে। একজন সংগ্রাহক নিয়ে এসেছিলেন দেড় হাজারের বেশি ইরেজার বা পেন্সিলের লেখা মুছে ফেলার রাবারের সংগ্রহ।
বড় বোনের ছবির সামনে নীরব নাহিয়ান
প্রদর্শনীতে রামিসার আঁকা ছবিগুলোর সামনে বারবার ফিরে আসছিল তার ছোট বোন নাহিয়ান।
বড় বোন যখন মারা যায়, তখন নাহিয়ানের বয়স ছিল মাত্র সাত বছর। সে সময় বোনকে হারানোর বিষয়টি পুরোপুরি বোঝার বয়স হয়নি তার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বোনের অভাবও যেন আরও বেশি অনুভব করছে সে।
গ্যালারিতে বড় বোনের আঁকা ছবিগুলোর পাশে রাখা ছিল তাকে নিয়ে লেখা শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলির ব্যানার। সেদিকেই বারবার তাকাচ্ছিল নাহিয়ান।
‘বড় আপুর আর্টগুলো তোমার কেমন লেগেছে?’—প্রতিবেদকের এমন প্রশ্নে কোনো উত্তর দিল না সে। শুধু ছলছল চোখে তাকিয়ে রইল বড় বোনের আঁকা ছবিগুলোর দিকে।