পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জীবনরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির লংগদুতে। প্রকল্পটির আওতায় পুষ্টি স্ক্রিনিংয়ের মাধ্যমে ৮৩১ শিশুর অপুষ্টি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৮১ শিশু তীব্র অপুষ্টিতে (এসএএম) এবং ৬৫০ শিশু মাঝারি মাত্রার অপুষ্টিতে (এমএএম) আক্রান্ত বলে শনাক্ত হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লংগদু উপজেলা পরিষদের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পটির সমাপনী সভার আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, সাংবাদিক, প্রকল্পের উপকারভোগী ও আশিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অপারেশনস অফিসার তাহারাতুল জান্নাত সর্ণা ও মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার জয়ন্তী চাকমা। এ ছাড়া প্রকল্পের লংগদু উপজেলা সমন্বয়কারী তিতাস চাকমা উপস্থিত ছিলেন।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পুষ্টি স্ক্রিনিংয়ে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের শনাক্ত করার পর তাদের পুষ্টিগত অবস্থার উন্নয়নে নিয়মিত বাড়ি পরিদর্শন, পুষ্টিবিষয়ক পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেফারেল এবং ফলোআপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর পাশাপাশি শিশুদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে পরিবার পর্যায়েও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
প্রকল্পের আওতায় নিরাপদ পানির উৎস স্থাপন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণে আর্থিক সহায়তা, আয়বর্ধনমূলক কার্যক্রম (আইজিএ), পুষ্টিকর খাবার প্রস্তুতকরণ প্রদর্শনী এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিশু পুষ্টি, স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত অনেক প্রান্তিক মানুষ এখনো প্রয়োজনীয় স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবা থেকে বঞ্চিত। ভৌগোলিক দুর্গমতা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং আর্থিক অসচ্ছলতাসহ নানা কারণে এসব জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে।
তাঁরা বলেন, শুধু সেবা প্রদান নয়, সেই সেবা সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি এবং যথাযথভাবে সেবা গ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ততা প্রয়োজন।
বক্তারা প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা ও অর্জন ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের সুফল ধরে রাখা এবং দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।