নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে চৌবাড়ীয়া বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাগর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।