জাপানি অ্যানিমে সংস্কৃতির উৎসব থেকে শুরু করে মঞ্চনাটক, স্ট্যান্ডআপ কমেডি, জ্যাজ সংগীত থেকে সংগীতানুষ্ঠান—আজ ছুটির দিনে ঢাকায় রয়েছে বৈচিত্র্যময় আয়োজন।
জাপানি সংস্কৃতির উৎসব ‘ইয়ুকি মাতসুরি’জাপানি অ্যানিমে, কসপ্লে ও পপ সংস্কৃতির ভক্তদের জন্য অন্যতম আকর্ষণ ‘ইয়ুকি মাতসুরি ২০২৬’। অ্যানিমেকন ঢাকা আয়োজিত এ উৎসব বসবে মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে। বেলা ১১টায় আয়োজন শুরু হওয়ার কথা। উৎসবে থাকছে কসপ্লে, কারাওকে, জাপানি নাচ, খাবার, অ্যানিমে মার্চেন্ডাইজ ও বিভিন্ন ধরনের গেম। পাশাপাশি ফ্যানআর্ট, কানজি ক্যালিগ্রাফি ও অ্যানিমে কুইজের প্রতিযোগিতাও রয়েছে।
চলছে বাংলাদেশ নাট্যোৎসববাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ১৩ নভেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ৯ দিনের আয়োজনে অংশ নিচ্ছে ১২টি নাট্যদল, প্রদর্শিত হচ্ছে ১২টি নাটক। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে রয়েছে নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’I
‘সঞ্জীব স্মরণে ‘হেঁটে গেছি বিরান পথে’২০০৭ সালের ১৯ নভেম্বর চলে গেছেন সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই আজব কারখানার আয়োজন ‘হেঁটে গেছি বিরান পথে’ ট্রিবিউট কনসার্ট। সন্ধ্যা সাতটায় রাজধানীর বনানীর বাটারনাট জ্যাজ ক্যাফেতে বসবে গানের এ আসর। এতে সঞ্জীবের জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করবেন চার সংগীতশিল্পী—সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস।
শুভ্রর ‘অ্যাকুস্টিক নাইট’সন্ধ্যা সাতটায় বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে ‘অ্যাকুস্টিক নাইট’ আয়োজনে গাইবেন সংগীতশিল্পী শুভ্র। এখানে নিজের মৌলিক গানের পাশাপাশি, জনপ্রিয় গানের কাভারও পরিবেশন করবেন তিনি।
স্ট্যান্ডআপ কমেডিউত্তরার অ্যালবিয়ন আর্ট গ্যালারিতে সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজন করা হয়েছে ‘নো ফিয়ার টু ফানি’ স্ট্যান্ডআপ কমেডি শো। এতে কারা পারফর্ম করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
নগর উৎসবে গ্রামীণ সংস্কৃতির স্বাদশহরের ভেতরেই গ্রামীণ মেলা ও লোকজ সংস্কৃতির আবহ পেতে চাইলে ঘুরে আসতে পারেন ‘নগর উৎসব’ থেকে। ২০ ও ২১ নভেম্বর ঢাকার কামাল আতাতুর্ক পার্কে বসবে এ আয়োজন। আজ শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে উৎসব। এতে আজ পরফর্ম করবে ব্যান্ড লেভেল ফাইভ, আফটারম্যাথ ও ইগনাইট। একই আয়োজনের শেষ দিনে আগামীকাল শনিবার গাইবেন প্রীতম হাসান ও অ্যাভয়েড রাফা।