কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সদর মডেল থানা পুলিশ জানায়, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মজিবুর রহমান ভূঁইয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়দের জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে গেলেও মজিবুর রহমান প্রকাশ্যে ছিলেন এবং নিয়মিত আইন পেশায় যুক্ত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।