সতিনের পরকীয়া সম্পর্ক দেখে ফেলেছিলেন গৃহবধূ আঁখি বেগম (২৮)। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁকে হত্যার পরিকল্পনা করেন শাহিনা বেগম (২৬)। মাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় বালতির পানিতে চুবিয়ে হত্যা করা হয় পাঁচ বছরের শিশু আহনাব আদিলকেও।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যাকাণ্ডের তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। এ ঘটনায় শাহিনা বেগমের কথিত পরকীয়া প্রেমিক ও মামলার আসামি আনন্দ বাবু বাদলকে (২৪) গ্রেপ্তার করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক। এর আগে গতকাল বুধবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী গ্রাম থেকে বাদলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনন্দ বাবু বাদল সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামের মোকলেছুর রহমান বালাজুর ছেলে। তিনি এ মামলার ১ নম্বর আসামি শাহিনা বেগমের কথিত প্রেমিক এবং নিহত আঁখির স্বামী আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠজন।
এসআরবি জানায়, দুলাল গ্রামের আব্দুর রাজ্জাকের সঙ্গে ১৬-১৭ বছর আগে বিয়ে হয় নিহত আঁখি বেগমের। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে। আব্দুর রাজ্জাক বর্তমানে ঠাকুরগাঁওয়ে কর্মরত। রেলওয়ের বামনডাঙ্গায় কর্মরত থাকাকালে শাহিনা বেগমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর আগে শাহিনাকে দ্বিতীয় বিয়ে করেন তিনি।
পরে দুই সতিনের মধ্যে বিরোধ তৈরি হলে সন্তানদের নিয়ে স্বামীর কর্মস্থল বামনডাঙ্গায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আঁখি। অন্যদিকে শাহিনা থাকতেন সুন্দরগঞ্জের দুলাল গ্রামের বাড়িতে। পরবর্তী সময়ে আব্দুর রাজ্জাকের কর্মস্থল বামনডাঙ্গা থেকে ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখি ও তাঁর সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এসআরবির দাবি, গত সোমবার আঁখি তাঁর সতিন শাহিনা বেগম ও আনন্দ বাবু বাদলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তাঁদের সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় আঁখিকে হত্যার পরিকল্পনা করেন শাহিনা ও বাদল। পরিকল্পনা অনুযায়ী, পরদিন মঙ্গলবার আঁখি ও তাঁর পাঁচ বছরের ছেলে আহনাবকে হত্যা করা হয়।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে ঘুমন্ত আঁখিকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এ সময় ঘুম ভেঙে গেলে মায়ের হত্যাকাণ্ড দেখে ফেলে আহনাব। পরে শিশুটিকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করা হয়। সন্ধ্যায় নিহতের বড় মেয়ে বাড়িতে ফিরে মরদেহ দুটি শয়নকক্ষে দেখতে পায়। খবর পেয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহত আঁখির বাবা আতোয়ার রহমান থানায় হত্যা মামলা করেন। মামলায় নামীয় নয়জন ও অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অভিযান শুরু করে এসআরবি। নীলফামারী ও গাইবান্ধা ক্যাম্পের যৌথ দল পঞ্চগড়ের বোদায় অভিযান চালিয়ে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করে।
এসআরবি জানায়, হত্যাকাণ্ডের পেছনে পরকীয়ার সম্পর্ক ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার বাদলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।