জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানোর আদেশ শুনে আদালতের কাঠগড়ার রেলিং ধরে কাঁদতে থাকেন জ্যোতিকা জ্যোতি। প্রশ্ন করেন, তাকে কেন গ্রেফতার করা হয়েছে, কী অপরাধ তার।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম জ্যোতিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল।
এদিন বিকাল ৫টা ৪০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় জ্যোতিকা জ্যোতিকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তোলার পর পুলিশ তার হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয়। হেলমেট খোলার পরপরই কাঠগড়ার রেলিং ধরে কাঁদতে থাকেন তিনি।
বিকাল ৫টা ৪২ মিনিটে বিচারক এজলাসে আসেন। পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন এবং আসামিপক্ষ থেকে কোনো জামিনের আবেদন না থাকায় জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরপর তিনি এজলাস ত্যাগ করেন।
আরও পড়ুনআরও পড়ুননাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান
আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে আবারও কাঁদতে থাকেন জ্যোতিকা জ্যোতি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ কেমন আদেশ হলো? উনি তো আমার কোনো কথাই শুনলেন না। এটা কি আগে থেকে সাজানো ছিল? আমাকে কেন গ্রেফতার করা হলো, কোন মামলায়—কিছুই জানি না। কী অপরাধ আমার? সারা দিন আমার পরিবারের কারও সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।’
পরে পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তায় তাকে আদালতের নিচে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যান।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।
এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।