নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার কুসুম্বা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী।
অভিযানকালে অবৈধভাবে পরিচালিত মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।