ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় বাড়ির নিচতলার তিনটি কক্ষে আগুন দেওয়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি পিকআপেও অগ্নিসংযোগ করা হয়। এতে ঘরের আসবাবপত্র ও পিকআপের সামনের অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাড়িতে অবস্থানরত রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, ভোররাতে ২০ থেকে ২৫ জনের একদল লোক বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে দরজা ভেঙে বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করে। এ সময় মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে যায়।
তিনি আরও জানান, একপর্যায়ে হামলাকারীরা বাড়ির নিচতলার তিনটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাড়ির সামনে রাখা একটি পিকআপের সামনের অংশেও আগুন দেওয়া হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে পথে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়ায় তাঁদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।
সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাসিম বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ঘরের খাট, সোফা, চেয়ার ও টেবিল পুড়ে গেছে। পিকআপের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে বাড়ি থেকে কোনো মালামাল লুটপাটের ঘটনা ঘটেনি ।
ওসি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১২ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র্যাবের (বর্তমানে এসআরবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। পরদিন ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একাধিক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন।
এ ছাড়া চলতি বছরের ১১ নভেম্বর রহিম উল্লাহ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং ভোগদখলে রাখার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।