চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার রাতে নগরীর পাঁচলাইশ থানার চশমা হিলে ও নগরের আন্দরকিল্লায় বাসভবনে তল্লাশি চালানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মো. বিধান আবিদের নেতৃত্বে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকার চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে তল্লাশি চালানো হয়।
বৃহস্পতিবার কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছিরের আন্দরকিল্লার বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।
এদিন রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে পুলিশ অভিযান পরিচালনা করে। এর কয়েক ঘণ্টার পর এ বাসায় হামলা, ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ৫০ থেকে ৫৫ জনের একটি দল এ হামলায় অংশ নেয় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে চকবাজার থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে ভাঙা কাচের টুকরো পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে বুধবার রাতে মাহতাব উদ্দিন চৌধুরীর পল্টন রোডের বাসভবন তল্লাশি চালায় পুলিশ।
চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন জানান, বুধবার দিবাগত রাতে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
একইদিন রাতে কোতোয়ালী থানার তিনপুলের মাথা ও নন্দনকানন এলাকায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।