ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, হাজারবার দল ও নেতা পরিবর্তন করলেও নীতি-আদর্শের পরিবর্তন না হলে দেশে শান্তি আসবে না। যত দিন শরিয়া আইন বাস্তবায়ন না হবে, তত দিন মানুষের ভাগ্যেরও পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নাটোর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে ৫ আগস্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি না। দেশে চাঁদাবাজি, ঘুষ, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণ বেড়েছে। কোনো কিছুই কমেনি। কাজেই সব দলের নীতি-আদর্শ ও শাসনব্যবস্থা দেখা শেষ। এখন আমরা দেশে ইসলামী হুকুমত দেখতে চাই, শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই।
মুফতী ফয়জুল করিম আরও বলেন, আলেম-ওলামারা নবী-রাসুলদের উত্তরাধিকারী। উত্তরাধিকারী হিসেবে এ দায়িত্ব একা পালন করা অনেক কষ্টকর। এ জন্য তাকওয়ার ভিত্তিতে চলতে কোনো একটি দলের সঙ্গে যুক্ত হতে হবে, যাতে দ্বীনি কোনো ভাই বিপদে পড়লে বা ব্যথিত হলে তাঁর পাশে গিয়ে দাঁড়ানো যায়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মুফতি আবু হানিফকে সভাপতি এবং মুফতি আব্দুর রাকীবকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নাটোর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।