রোহিঙ্গাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর আবারও নিয়মিত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতারা।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রতিক্রিয়ায় তারা দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি এই আহ্বান জানান।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য রুশনারা আলী এবং কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য জেরেমি হান্ট এ আহ্বান জানিয়েছেন।
তারা দেশটির পার্লামেন্টের মিয়ানমারবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) যৌথ সভাপতি।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আইসিজের আজকের রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। রোহিঙ্গা জনগোষ্ঠীসহ মিয়ানমারের সব মানুষকে দেশটির সামরিক বাহিনীর অব্যাহত আন্তর্জাতিক আইন লঙ্ঘন থেকে সুরক্ষা দিতে যা যা করা সম্ভব, তা করতে হবে।
বিবৃতিতে তারা ব্রিটিশ সরকারের প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত বিরতিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের দাবি জানান, যাতে মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া নিশ্চিত করা যায়।
রুশনারা আলী ও জেরেমি হান্ট বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের কারণে ব্যাপক শরণার্থী সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ব্রিটিশ সরকারের সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো উচিত।
উল্লেখ্য, মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা দেশটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর থেকে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার ও নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে। সূত্র: বিবিসি