সুন্দরবনের দুবলার চরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে, যার মধ্যে খুলনার কয়রা ও কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন হয়ে সরাসরি একটি রুট রয়েছে। তবে পাসের ব্যবস্থা থাকলেও পর্যাপ্ত যাত্রী ও ট্রলারের বহর না থাকায় স্থানীয় পুণ্যার্থীরা এখান থেকে পাস নিচ্ছেন না। নিরাপত্তার স্বার্থে দলবদ্ধভাবে যাওয়ার সুবিধার্থে এ অঞ্চলের তীর্থযাত্রীরা নলিয়ান ও কালাবগী স্টেশন হয়ে দুবলার চরে যাচ্ছেন।
বন বিভাগ সূত্র জানায়, রাসপূর্ণিমায় কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন। এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পুণ্যার্থীদের নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দিনের বেলায় চলাচল করতে হবে। বনের ভেতরে ওয়ান-টাইম প্লাস্টিক বহন, মাইক বাজানো ও যেকোনো অবৈধ সরঞ্জাম নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি নৌপুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।
ঘোষিত রুটগুলোর মধ্যে কয়রা অঞ্চলের পথটি হলো— কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর।
এ বিষয়ে কয়রা কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদিকুজ্জামান বলেন, কয়রাতে পর্যাপ্ত হিন্দু সম্প্রদায়ের যাত্রী নেই। দুবলার চরে যেতে নিরাপত্তার জন্য ১০ থেকে ১৫টি ট্রলার একসঙ্গে বহর বেঁধে যেতে হয়, কিন্তু কয়রাতে এত ট্রলার নেই। তা ছাড়া আমাদের স্টেশনে জনবলও কিছুটা কম। তবে কেউ চাইলে আমরা পাস দিতে পারব, কিন্তু দলবদ্ধভাবে যাওয়ার সুবিধার্থে এ অঞ্চলের তীর্থযাত্রীরা সবাই নলিয়ান ও কালাবগী স্টেশন থেকেই পাস নিয়ে দুবলার চরে যান।
অন্য চারটি রুট হলো— বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলা-বলনদী-পাটকোষ্টা খাল ও হংসরাজ নদী; নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদী; ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে পশুর নদী এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে এবং চেকিং পয়েন্ট ছাড়া কোথাও নৌযান থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা, জলযানের গায়ে বিএলসি বা সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা লেখা, বনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র বা ইউপি চেয়ারম্যানের মূল সনদপত্র সঙ্গে রাখা এবং আলোরকোল নিয়ন্ত্রণকক্ষে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে।