গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী সবজির বাজারে নেই স্বস্তি। বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়েও পকেট ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। আর ক্রেতাদের মুখে নেই হাসি।
এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও বাদিয়াখালী কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম এখনো লাগামহীন। বর্তমানে বেশির ভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি।
আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে শিম নেমে এসেছে ৬০ থেকে ৮০ টাকায়। পটোল ৪০ টাকা, মিষ্টিকুমড়া কেজি প্রতি ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং জাতভেদে বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজি।
এছাড়া পেঁপে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৫০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায়।
তবে আমদানিকৃত টমেটোর দাম এখনো বেশ চড়া। কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা এবং গাজরের দামও এখনো তুলনামূলকভাবে বেশি।
অন্যদিকে আলু, পেঁয়াজ ও রসুনের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। আলু প্রতি কেজি ২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা এবং আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
স্থানীয় সবজি বিক্রেতা আমিনুর ইসলাম জানান, বাজারে এখন টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে।
ক্রেতারা বলছেন, বাজারে এসে মন খারাপ হয়ে যায়।
এদিকে মাছ, মুরগি ও ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩২ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা কেজি, সিলভার কার্প ১৮০ থেকে ২০০ টাকা, মানভেদে রুই ২৮০ থেকে ৩২০ টাকা, মৃগেল ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশী মাছ যেন আগুন , পুটি ২০০ টাকা কেজি প্রতি।
শিং মাছ ২৫০ টাকা কেজি, শৌল মাছ ৬০০ টাকা কেজি,টেংরা মাছ কেজি প্রতি ৫০০ টাকা, চিংড়ী কেজি প্রতি ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে,
তবে গরুর, খাসির মাংসের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি, খাসির মাংস ১০০০ হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে বলা যায়, সবজির বাজারে স্বস্তি ফেরেনি। মাংস কিনতে গিয়েও ক্রেতাদের এখনো বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।