নওগাঁর ধামইরহাটে অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় থাকা সাতজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওশাদ হোসেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষের কার্যালয়ে তাঁর ব্যক্তিগত উদ্যোগে ডিগ্রি পাস (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) শ্রেণির সাতজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে ভর্তি বাবদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
অসচ্ছল পরিবারের এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণের পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যক্ষের এমন সহযোগিতায় শিক্ষার্থীদের ভর্তি নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হয়েছে।
শিক্ষার্থীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন সময়ে এই সহযোগিতা তাঁদের পড়াশোনা চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।