সামরিক কর্মকাণ্ডের সম্ভাবনার সঙ্গে ইরানের বাঁধগুলোকে দৃঢ় প্রমাণ ছাড়াই যুক্ত করার মাধ্যমে একটি সাম্প্রতিক প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে এনেছে যে, অনুমান বা জল্পনা কখন বেসামরিক অবকাঠামোয় হামলার অজুহাতে পরিণত হয়। যুদ্ধ সব সময় প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়ার মধ্য দিয়ে শুরু হয় না; অনেক ক্ষেত্রে তার আগে জনমতের রণক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি চলে।
এই পর্যায়ে গণমাধ্যম নির্দিষ্ট কিছু দাবি তুলে ধরে, সন্দেহগুলোকে খাটো করে দেখিয়ে এবং দাপ্তরিক বয়ান বারবার পুনরাবৃত্তি করে শত্রুর এমন একটি চিত্র তৈরি করতে পারে, যেখানে সামরিক পদক্ষেপ ব্যয়বহুল কোনো বিকল্পের বদলে অনিবার্য প্রয়োজনীয়তা হিসেবে হাজির হয়। সমস্যাটি কেবল এই নয় যে গণমাধ্যম একাই যুদ্ধ শুরু করে বা কোনো দেশ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন মানেই সামরিক অভিযানের অংশ; সমস্যা তখনই বিপজ্জনক হয়ে ওঠে, যখন প্রমাণিত সত্য, অনুমান এবং রাজনৈতিক দাবির মধ্যকার সীমারেখা মুছে যায় এবং পর্যাপ্ত প্রমাণ ছাড়াই একটি গণমাধ্যমের বয়ান সামরিক পদক্ষেপের যৌক্তিকতায় পরিণত হয়।
এই প্রেক্ষাপটে ১৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে ইরানের কয়েকটি বাঁধ এবং পানি স্থানান্তর প্রকল্পের ভৌগোলিক অবস্থানকে ক্ষেপণাস্ত্র মোতায়েন বা তৎপরতা সংশ্লিষ্ট এলাকাগুলোর কাছাকাছি দেখিয়ে সেগুলোর সামরিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা তোলা হয়েছে। তবে ওই প্রতিবেদনের মূল যুক্তি দাঁড়িয়ে আছে ভৌগোলিক নৈকট্য এবং প্রকল্পগুলোর অবস্থানগত ব্যাখ্যার ওপর; অথচ কোনো বাঁধ বা পানি স্থানান্তর স্থাপনার সামরিক এলাকার কাছাকাছি থাকাটাই নিজ গুণে তার সামরিক কার্যকারিতা প্রমাণ করতে পারে না।
এই পার্থক্য কেবল কারিগরি বা সাংবাদিকতার বিষয় নয়, এর নিরাপত্তাগত ও মানবিক পরিণতিও রয়েছে। বাঁধের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে সামরিক কর্মকাণ্ডে প্রকৃত ভূমিকার স্পষ্ট প্রমাণ হাজির না করেই যখন নিরাপত্তাগত সন্দেহ তৈরি করা হয়, তখন বাস্তবে একটি বেসামরিক সম্পদ জনমতে সন্দেহের বিষয়ে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়। মূল প্রশ্ন হলো, প্রতিবেদকদের কাছে এমন যোগসূত্র প্রমাণের চূড়ান্ত প্রমাণ না থাকলে এত বড় নিরাপত্তাগত গুরুত্ব বহনকারী একটি অনুমানকে কেন এতটা জোরালোভাবে সামনে আনা হলো। গণমাধ্যমের অনুসন্ধানের অধিকার অস্বীকার করা যায় না কিন্তু সেই অধিকার তথ্য ও সম্ভাবনার মধ্যে সতর্কভাবে পার্থক্য করার দায়িত্বকে বাতিল করে না; বিশেষ করে যখন বিষয়টি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং লাখো মানুষের নিরাপত্তা।
ঐতিহাসিক অভিজ্ঞতা পর্যালোচনা করলে এই উদ্বেগের গুরুত্ব আরও স্পষ্ট হয়। ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার প্রাক্কালে এই সংবাদমাধ্যমটিতেই এমন একটি দৃষ্টান্ত দেখা গিয়েছিল। ২০০২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে পারমাণবিক বোমা নির্মাণের উপাদান সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল, যা ইরাকের হুমকি প্রমাণে তৎকালীন মার্কিন প্রশাসনের তোলা তথ্যের ওপর নির্ভরশীল ছিল। সেদিনই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি একটি টেলিভিশন অনুষ্ঠানে ওই প্রতিবেদনের উদ্ধৃতি দেন; ফলে একটি গণমাধ্যমের বয়ান শীর্ষ সরকারি কর্মকর্তার হুমকির দাবি জোরদার করার দলিলে পরিণত হয়। হামলার পর গণবিধ্বংসী অস্ত্রসংক্রান্ত দাবির একটি বড় অংশ অসার প্রমাণিত হয় এবং ২০০৪ সালের মে মাসে পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে এই বিষয়ে তাদের সংবাদ পরিবেশন যথেষ্ট নির্ভুল ও কঠোর যাচাইভিত্তিক ছিল না।
আরেকটি দৃষ্টান্ত পাওয়া যায় টনকিন উপসাগরের ঘটনা এবং ভিয়েতনাম যুদ্ধের বিস্তারের প্রেক্ষাপটে। ১৯৬৪ সালের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন উত্তর ভিয়েতনামের বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয়বার মার্কিন জাহাজে হামলার অভিযোগ তুলে পাল্টা হামলার নির্দেশ দেন এবং পরদিন নিউ ইয়র্ক টাইমসে ওই হামলা ও সংঘাত নিয়ে সরকারি বয়ান প্রতিফলিত হয়। কিন্তু পরবর্তী সময়ে দ্বিতীয় হামলাটি ঘটার বিষয়ে গুরুতর অস্পষ্টতা ও সন্দেহ প্রকাশ পায় এবং জাহাজের ক্রুদের প্রাথমিক প্রতিবেদনগুলো নির্ভরযোগ্য ছিল না। দ্বিতীয় হামলার ওই দাপ্তরিক বয়ান মার্কিন কংগ্রেসে টনকিন উপসাগর প্রস্তাব অনুমোদনের প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছিল, যা ভিয়েতনামে সামরিক অভিযান বিস্তারে প্রেসিডেন্টের হাত আরও খুলে দেয়। এখানেও বিষয়টি কেবল দৈনন্দিন সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এমন এক মুহূর্তে অযাচাইকৃত বয়ানের প্রতিফলন ঘটেছিল, যার রাজনৈতিক ও সামরিক পরিণতি দৈনন্দিন সংবাদের চেয়ে অনেক বেশি সুদূরপ্রসারী ছিল।
এসব অভিজ্ঞতা দেখায় যে যুদ্ধের গতিপথ প্রভাবিত করতে গণমাধ্যমকে সব সময় হামলার নির্দেশ দিতে হয় না। অনেক সময় কঠোর যাচাই ছাড়া দাপ্তরিক বয়ান তুলে ধরা, সন্দেহগুলোকে প্রান্তিক করা এবং এমন একটি চিত্র গড়ে তোলাই যথেষ্ট হয়, যাতে সামরিক পদক্ষেপ যুক্তিসংগত বা এমনকি অনিবার্য বলে মনে হয়। অবশ্যই এসব উদাহরণের কোনোটিরই অর্থ এই নয় যে যুদ্ধ শুরুর জন্য গণমাধ্যম একাই দায়ী; তবে রাজনৈতিক পরিবেশ গঠনে এবং যুদ্ধের বিরুদ্ধে জনসমর্থনের বা গণপ্রতিরোধের মাত্রা কমাতে তাদের ভূমিকাও উপেক্ষা করার মতো নয়।
ইরানের বাঁধ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনটিও একই দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। কোনো অবকাঠামোর সামরিক ভূমিকা নিয়ে সন্দেহ তৈরির জন্য যদি ভৌগোলিক নৈকট্যকেই যথেষ্ট মনে করা হয়, তবে এই যুক্তি অঞ্চলের অন্যান্য দেশের পানি, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ স্থাপনাগুলোর ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। এ ধরনের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোর সঙ্গেও সংগতিপূর্ণ নয়; কারণ কেবল কোনো সামরিক কেন্দ্রের কাছাকাছি অবস্থানের কারণে কোনো বেসামরিক অবকাঠামো সামরিক লক্ষ্যে পরিণত হয় না এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাঁধগুলো বিশেষ সুরক্ষাও ভোগ করে।
ইরাক সংক্রান্ত অতীত রেকর্ডের পরিপ্রেক্ষিতে এ ধরনের প্রতিবেদন প্রকাশে নিজস্ব দায়িত্বের গুরুত্ব এই সংবাদমাধ্যমটি এড়িয়ে যেতে পারে না। যে পত্রিকা অতীতে গণবিধ্বংসী অস্ত্রসংক্রান্ত দাবি যাচাইয়ে দুর্বলতার জন্য সমালোচিত হয়েছিল এবং পেশাগত ত্রুটি স্বীকার করতে বাধ্য হয়েছিল, আজ অন্য যেকোনো গণমাধ্যমের তুলনায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে অনুমানের নিরাপত্তাগত পরিণতি সম্পর্কে তার আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত। সম্ভাবনাকে নিরাপত্তাগত সন্দেহে রূপ দেওয়া এবং পর্যাপ্ত প্রমাণ ছাড়াই তা সামনে আনা কেবল প্রতিবেদনের শৈলীগত ত্রুটি নয়; এটি বেসামরিক সম্পদের প্রতি সামরিক দৃষ্টিভঙ্গিকে স্বাভাবিক করে তোলার কাজে ভূমিকা রাখতে পারে। যুদ্ধের সূচনা রাজনীতিবিদ ও কমান্ডারদের সিদ্ধান্তে হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে তার আগেই তা গড়ে ওঠে গণমাধ্যম জনমতের সামনে যে বয়ান তুলে ধরে তার মধ্য দিয়ে।
সূত্র: মেহের নিউজ