কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাচে আগুন ধরে যায়। তবে চালক দ্রুত বাসটি থামিয়ে দিলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসের যাত্রীরা। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর বেণী বাজার মোড় এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।
বাসচালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরক নিক্ষেপ করে। মুহূর্তেই বাসের সামনের কাচে আগুন ধরে যায়। এ সময় তিনি দ্রুত বাসটি থামিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি আরওয়ান ৫ ও একটি ডিসকভার মোটরসাইকেলে করে ছয় দুর্বৃত্ত এসে এ হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তাদের ওই সড়কে মহড়া দিতে দেখা যায়। পরে তারা ফিরে এসে বিকট শব্দে একটি ককটেল ও একটি পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।