নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহীন ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক মো. সোহেল।
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী তাদের শোভাযাত্রায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা বহরে থাকা নেতাকর্মীদের ওপর আক্রমণ করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে শাহীন ও সোহেলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বিডি প্রতিদিন/আরকে