একসময় ‘উন্নয়নের বিস্ময়’ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন গভীর অর্থনৈতিক সংকটে। ব্যাংক খাতে লুটপাট, খেলাপি ঋণের বোঝা, বিনিয়োগে স্থবিরতা ও রাজনৈতিক অস্থিরতায় চাপে পড়েছে অর্থনীতি। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাটের ফলে দেশের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে। ব্যাংক খাতে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ দশমিক ৮ শতাংশে। বিপরীতে ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। ব্যাংক খাতের সংকটের প্রভাব পড়েছে বিনিয়োগ ও প্রবৃদ্ধিতে। ব্যবসা খাতে ঋণ বিতরণের প্রবৃদ্ধি ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশে নেমে আসতে পারে। বিশ্বব্যাংকের আশঙ্কা, টানা তৃতীয় বছরের মতো বাড়বে দারিদ্র্য। প্রতিবেদনে বলা হয়, সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা দিয়েছে। তবে ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে আগামী কয়েক বছরে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে মুডিস। এদিকে জিডিপির মাত্র ৭ শতাংশ রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষ অর্থনীতির চাপ বাড়াচ্ছে। ইকোনমিস্টের পর্যবেক্ষণ, ব্যাংক খাতের সংকট ও রাজনৈতিক প্রভাবমুক্ত সংস্কার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের কয়েক দশকের অর্থনৈতিক সাফল্য ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।