প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফিরতি সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে এটিই কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম সফর।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছে তিনি সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা অবস্থান করবেন এবং সফর শেষে ব্যাংকক যাবেন। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। এতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, কৃষি, শিক্ষা এবং বিশেষ করে শ্রমবাজারের বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া জুনে তারেক রহমানের সফরের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ২০২৪ সাল থেকে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের আগেই বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে, যার প্রথম ধাপে ১১২ জনের বাছাই চলছে।
আরও পড়ুনআরও পড়ুনসংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাশ
আনোয়ার ইব্রাহিমের সফর উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ ঢাকা সফর করেছিলেন তিনি।