নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে সার মজুদ রাখার অভিযোগে ১৯৪ বস্তা ডিএপি (DAP) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারে অবস্থিত ‘মেসার্স আল আমিন ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আবুল কালামের গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ১৯৪ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা, অবৈধ মজুদদারি বন্ধ করা এবং বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে কৃষি উপকরণের বাজার স্বাভাবিক রাখা এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হলে সারের অবৈধ মজুদদারি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।