কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা এবং ইটভাটায় মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পৃথক অভিযানে চারজনকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
অভিযানকালে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন ও শামসুল আলমকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
এ সময় করাতকলে সংরক্ষিত গোল কাঠ এবং চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করে আইনগত ব্যবস্থার জন্য ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোছাইনকে নির্দেশ দেয়া হয়।
এ ছাড়া জালালাবাদ ইউনিয়নে অবস্থিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিক ও ম্যানেজার শামসুদ্দিন এবং সালামত উল্লাহকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) লঙ্ঘনের দায়ে এ জরিমানার অর্থও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোমনাথ, পুলিশ ও আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদগাঁওবাসীর স্বার্থ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।