নেত্রকোনায় মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়।
সভায় তিনটি দিবসের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদারের প্রস্তাব দেওয়া হয়। এ সময় দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান বক্তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিজ্জুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এতে জেলার সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে তিনটি দিবস পালনের কর্মসূচি পৃথকভাবে নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস জাতীয় শোকের আবহে এবং মহান বিজয় দিবস ও নেত্রকোনা মুক্ত দিবস সর্বোচ্চ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে। দিবসগুলো স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এগুলোর তাৎপর্য তুলে ধরতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, দেশবিরোধী যেকোনো অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। শুধু আওয়ামী লীগ নয়, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের বিষয়েও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ দিবসগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।