ক্যারিয়ারের ৮৩তম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করেই ফিরলেন মুমিনুল হক। তাকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন কাগিসো রাবাদা। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করে বল।
আগের ইনিংসে ডাক মেরে ফেরা মুমিনুল এবার থামলেন ১ রানে। সর্বশেষ দশ ইনিংস আগে ফিফটির দেখা পেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এর আগে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম।
প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেছিলেন তানজিদ। তিনি আগের ইনিংসে ৬৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ৪ রানে। ইয়ানসেনের আগের ওভারের শেষ বলে তানজিদকে ক্যাচ আউট দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। ইয়ানসেনের পরের ওভারের প্রথম বলেই তিনি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
মুমিনুলের বিদায়ের পর ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার লিড টপকাতে এখনো ১৪৫ রান করতে হবে।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪০০ রান। জবাবে ১৫৭ রানের লিড নিয়ে ৫৫৭ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১৫৭ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ।