নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচরে ঝলসে যাওয়া আমন ধানের ক্ষেতে মানববন্ধন ও জলবায়ু স্ট্রাইক করেছেন কৃষক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সদস্যরা। এতে অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ বরাদ্দ ও কৃষকের মালিকানায় নবায়নযোগ্য জ্বালানি ও সরাসরি অনুদানের দাবি জানান তারা।
বুধবার দুপুরে সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ১ নম্বর স্লুইজ গেট এলাকার কৃষি জমিতে এ স্ট্রাইকের আয়োজন করা হয়।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এবং সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন- এসএইচবিও যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
মূলত তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি। তাই এ প্রতিবাদ জানানো হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালয়ি: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে সুবর্ণচরে কৃষকদের নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি নির্ধারিত ছিল ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে। কিন্তু সেই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাবে বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্য ব্যবস্থার। অথচ খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে।
তারা জানান, এই প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকের অভিজ্ঞতা ও দাবিকে কপ৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি তোলেন, আগামী ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি ও খাদ্য ব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে। যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দিতে হবে।
এছাড়া সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানির মালিকানা থাকতে হবে কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকের হাতে। সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে কৃষকদের সরাসরি প্রবেশাধিকার দিতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
এসএইচবিও’র নির্বাহী প্রধান ফাহিদা সুলতানা বলেন, ‘কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।’