জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাগুরিয়া পশ্চিম দক্ষিণপাড়া গ্রামের সরকারি নকশাভুক্ত একটি রাস্তা দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, খাগুরিয়া ঈদগাহ মাঠ থেকে ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজিবদিয়া এলাকার কাশেমের বাড়ি পর্যন্ত রাস্তাটি মহাদান ইউনিয়ন পরিষদের নকশায় অন্তর্ভুক্ত রয়েছে। এ রাস্তা দিয়ে দীর্ঘদিন প্রায় ৫০ টি পরিবার যাতায়াত করত। কিন্তু কিছু ব্যক্তি রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে গাছ রোপণ, বাঁশঝাড় ও কলাগাছ লাগানোর পাশাপাশি সেচ পাম্পের সাহায্যে জমিতে পানির সরবরাহ দেয়ার জন্য ড্রেন নির্মাণ করে ব্যবহার করছেন। এতে রাস্তাটির স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে এবং এলাকাবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর পক্ষে মিজানুর রহমান, মুনছের আলী, ফরিদ, আব্দুল রাজ্জাক, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, সুমের আলী, আলহাজ উদ্দিন, সুফিয়া বেগম, মালেকা বেগম, মরিয়ম, আফরোজা, রুপালি, রুবি, রোজিনা, চুমকি ও আনেছাসহ অনেকে প্রশাসনের কাছে রাস্তাটি সরেজমিনে তদন্ত করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে রাস্তাটি দখলমুক্ত করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
তাঁদের দাবি, জনস্বার্থে ইউনিয়ন পরিষদের নকশাভুক্ত রাস্তাটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল অপসারণ এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জোরালো দাবি করেছেন।
এ বিষয়ে মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।